ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ৬ হাজার ৪৪২ জন ‘ওয়ান্টেড’ আসামির তালিকায় ৫৯ জন বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদের নাম নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নতুন করে সামনে এসেছে।
ইন্টারপোল সাধারণত সব রেড নোটিশভুক্ত ব্যক্তির নাম ওয়েবসাইটের প্রকাশ্য তালিকায় দেয় না। তবে সদস্য দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কে এসব নোটিশ পাঠানো হয়, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়।
প্রকাশিত তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন দেশে খুন, মানবপাচার, জালিয়াতি, অস্ত্র ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে খোঁজ চলছে। যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম ও মালদ্বীপসহ একাধিক দেশ এসব আসামিকে খুঁজছে বলে জানা গেছে।
বিদেশি তদন্ত সংস্থার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে খুন, চোরাচালান, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইভাবে বাংলাদেশও বিভিন্ন মামলায় বিদেশে পলাতক অনেক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজছে।
বাংলাদেশের তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মানবপাচার, অস্ত্র ও মাদক মামলা, জালিয়াতি এবং নির্যাতনের মতো অভিযোগ রয়েছে বলে জানা যায়। এসব মামলার অনেকগুলোই আদালতে বিচারাধীন।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে ১৯৬টি দেশের সমন্বয়ে কাজ করছে। সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ দমন ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়াতে রেড নোটিশসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা করে।
মানবকণ্ঠ/আরআই




Comments