Image description

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফলিমারী গ্রাম। বিক্ষুব্ধ জনতা ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও ইউএনও’র গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাবাসী ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

নিহত নন্দিনী রানী (৭) উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুটির চাচা (পারিবারিক সম্পর্কের) বিধানকে (১৯) প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করে তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক বিধানকে আটকের পর পুলিশ নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পথরোধ করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে জনতা বিধানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

প্রশাসন আসামিকে নিয়ে ফিরে আসার সময় বিক্ষুব্ধ জনতা পুনরায় উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনও’র ব্যবহৃত সরকারি গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরবর্তীতে বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, "আইনগত ব্যবস্থা নিতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। অতর্কিত ইটপাটকেল নিক্ষেপে আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।"

পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, "পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।"

বর্তমানে পুরো গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর