দেশে হামের প্রাদুর্ভাব রোধে জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের কারণে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, হামের বিস্তার, প্রাদুর্ভাবের কারণ এবং টিকাদান কার্যক্রমের কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকার ইতোমধ্যে টিকা সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা জোরদার, রোগ নজরদারি সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments