রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে জাতিসংঘে শামা ওবায়েদের আহ্বান
বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ‘ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট’-এর উচ্চপর্যায়ের এক প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।
বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মানবিক সহায়তা, শান্তি রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শামা ওবায়েদ ইসলাম বিশেষ করে নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন এবং এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন সংকটের ফলে বিশেষ করে নারী ও কিশোরীরা চরম ঝুঁকির মুখে পড়ছে। এই সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র পথ। এজন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বহুপাক্ষিক অঙ্গনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments