Image description

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৭৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯৬ জন। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯০ হাজার ৯৮২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৬৯ জন।

এই সময়ের মধ্যে (১৫ মার্চ-১৯ জুন) সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত হাম উপসর্গে দেশে মোট ৫৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

মানবকণ্ঠ/আরআই