Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি শিশুরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে।

তিনি আরও বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তান যেমন বেড়ে উঠবে, গাছটিও তেমনি বড় হয়ে পরিবারের স্মৃতির অংশ হয়ে উঠবে।

বক্তব্যে প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান–এর উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরে সেই চারাগুলো থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।