Image description

৫ আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জুলাই আন্দোলনের প্রতিটি আত্মত্যাগকে রাষ্ট্র সর্বোচ্চ মূল্যায়ন ও মর্যাদা দেবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "যে মহান উদ্দেশ্যে এবং যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা নিজের জীবন উৎসর্গ করেছে, জুলাইয়ের সেই আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অন্যায়কারী এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে।"

বিচারের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "বিচারের নামে যেন কোনোভাবেই কারো প্রতি অবিচার করা না হয়, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমরা প্রতিহিংসা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।"

জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান বলেন, "জাতিকে বিভক্ত করে কোনো দেশ এগোতে পারে না। আমরা জাতিকে আর দ্বিধাবিভক্ত করতে চাই না। আমাদের সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশ পুনর্গঠন এবং এ দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করা।"

দেশ গঠনের পথে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, "আর কোনো অপশক্তি যেন আমাদের দেশ গঠনের এই মহান লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন ও সতর্ক থাকতে হবে।"

মানবকণ্ঠ/ডিআর