Image description

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট ৮৩৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩১ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও ৭৩২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৬ জনে। আর উপসর্গসহ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনে।

হাসপাতালে ভর্তির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ পর্যন্ত ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

মানবকণ্ঠ/ডিআর