Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে। তার ভাষায়, দলটির “দাফন হয়েছে দিল্লিতে” এবং ভবিষ্যতে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভা’-য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটি। এতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জুলাইয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তিনি বরং আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করছেন এবং বিদেশে বসে আওয়ামী লীগ নেতারা উসকানি দিচ্ছেন বলেও দাবি করেন।

তিনি বলেন, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এর চেতনা বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা নেওয়া উচিত নয়।

সালাহউদ্দিন আহমদ আরও দাবি করেন, আন্দোলনের সময় তিনি ও তারেক রহমান বিদেশে নির্বাসনে ছিলেন এবং তারা আন্দোলনে রাজনৈতিক ও অরাজনৈতিক সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, “জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”

মানবকন্ঠ/এসএস