জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) সকালে জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ (Reimbursement) দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, 'নারী, শান্তি ও নিরাপত্তা' (WPS) এজেন্ডা এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। এছাড়া তিনি নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘকে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
হাইতির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (FPU) মোতায়েনের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, এই ইউনিটগুলো সোয়াট (SWAT), বিস্ফোরক নিষ্ক্রিয়করণ (EOD), ফরেনসিক ও সাইবার ক্রাইম তদন্তে বিশেষভাবে পারদর্শী। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দপ্তরে এমওইউ (MOU) আলোচনায় অংশ নেবে।
বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহাসিকতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীল পতাকাতলে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পেশাদারিত্ব এবং জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে বিশ্ব শান্তিরক্ষা আরও কার্যকর হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments