Image description

চাঁদপুরের মতলব দক্ষিণে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাফি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে। আটক রাফি ওই গ্রামের প্রবাসী মো. ইউসুফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে রাস্তার ধারে ৪ বছরের ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় রাফি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাফিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, "শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এদিকে জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন ন্যক্কারজনক ঘটনার সংবাদে পুরো এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর