Image description

কুমিল্লার তিতাস উপজেলায় ১৮ বছর বয়সী আপন মেয়েকে ধর্ষণের অভিযোগে হাসর মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলার উত্তর আকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে তিতাস থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসর মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। তিনি গত ১০ মে তার মেয়েকে প্রথমবার ধর্ষণ করেন। পরবর্তীতে গত ১ জুলাই পুনরায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে ভুক্তভোগী তরুণী তাঁর মাকে সব খুলে বলেন। এরপর তাঁর মা তিতাস থানা পুলিশের শরণাপন্ন হন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উত্তর আকালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৭ জুলাই) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর