বগুড়ায় খাল খনন শ্রমিক তালিকায় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও প্রবাসীর নাম
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পে শ্রমিক তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য নেওয়া প্রকল্পে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য (মেম্বার), শিক্ষক, প্রবাসী, চাকরিজীবী ও সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, শ্রমিক তালিকায় ২৯৭ জনের নাম থাকলেও মাঠে কাজ করতে দেখা গেছে মাত্র ৫০ থেকে ৬০ জনকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় সোনারায় ইউনিয়নের খুপি হাড়িভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটবাড়িয়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় ১ দশমিক ৮৬০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়। গত ৫ মে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, খননকাজে খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে হাতে গোনা কয়েকজন শ্রমিক কোদাল দিয়ে খালের পাড় সংস্কারের কাজ করছেন।
শ্রমিকদের দাবি, উদ্বোধনের দিন প্রায় ১৫০ জন উপস্থিত থাকলেও পরদিন থেকেই শ্রমিকের সংখ্যা কমে যায়। অথচ সরকারি তালিকায় ২৯৭ জনের নাম রয়েছে।
তালিকা পর্যালোচনায় দেখা গেছে, সেখানে মালয়েশিয়া প্রবাসী, একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, স্কুলশিক্ষক, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজা মন্ডল, ইউপি সদস্য হজরত আকন্দসহ আরও কয়েকজনের নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজা মন্ডল বলেন, দ্রুত শ্রমিকের তালিকা জমা দেওয়ার প্রয়োজন হওয়ায় পরিষদের হিসাব সহকারী ভুলবশত চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও প্রবাসীদের নাম যুক্ত করেছিলেন। পরে তালিকা সংশোধন করে তার নাম বাদ দেওয়া হয়েছে। বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে খননকাজ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
গাবতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজিদুল ইসলাম শ্রমিক তালিকায় অনিয়মের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ ওঠার পর তালিকা সংশোধন করা হয়েছে।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, খাল পুনঃখনন প্রকল্পের শ্রমিক তালিকায় এ ধরনের অনিয়ম হওয়ার কথা নয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments