Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, তাকে সবার আগে কারাগারে যেতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”

বিদেশে অবস্থানকালে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো আসামি যদি আত্মসমর্পণ না করে বিদেশ থেকে বক্তব্য দেয়, তবে তা কেবল আত্মগোপনে থাকা ও পালিয়ে বেড়ানো আওয়ামী লীগের নেতা-কর্মীদের উজ্জীবিত করার একটি চেষ্টা। এর বাইরে অন্য কোনো কারণ নেই।

তিনি আরও যোগ করেন, সরকারকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। যেকোনো দেশের সঙ্গেই নির্ধারিত কূটনৈতিক রীতিনীতি থাকে, সেই অনুযায়ী কাজ চলছে। যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে, তবে দেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, কঠোরভাবে সেটিই কার্যকর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর