Image description

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।

সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় স্বাক্ষর করার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

মন্ত্রী আরও জানান, মরহুম আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১৬ জুলাই বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া কাতারের আমির ও রাজপরিবারের প্রতি বাংলাদেশের সংহতি জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহা সফর করবে।

উল্লেখ্য, গত রোববার কাতারের আমিরের কার্যালয় থেকে সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। ২০১৩ সালে তিনি তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করে অবসরে যান।

মানবকণ্ঠ/ডিআর