Image description

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই আষাঢ়ের টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য তারা হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে মাদারীপুরে প্রবেশ করলে মুহূর্তেই বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিবচরের পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রমের সময় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান।

এরপর সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় পৌঁছালে সেখানেও একই দৃশ্যের অবতারণা হয়। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা, করতালি ও স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মহাসড়ক এলাকা এক বর্ণিল উৎসবে পরিণত হয়। অনেকেই সেই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করে রাখেন।

মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। অন্যদিকে, কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বৈরী আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের এই দীর্ঘ অপেক্ষা ও সুশৃঙ্খল উপস্থিতি মাদারীপুর বিএনপির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর