Image description

বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে রাজধানী ঢাকায় ফেরার পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ স্কুল শিক্ষার্থীদের আবদারে মাঝপথে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় ও সেলফি তুলেছেন তিনি। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন শিশুনিকতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কের পাশে সারিবদ্ধভাবে অবস্থান করছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী হঠাৎ তাঁর গাড়িবহর থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং তাদের অনুরোধে নিজেই মোবাইল ফোনে সেলফি তোলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও উপহার হিসেবে তুলে দেন।

প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানায়। 

শিশুনিকতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সময় দিয়েছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও স্মরণীয় একটি মুহূর্ত। তিনি শিশুদের উপহার দিয়েছেন এবং তাদের সঙ্গে সেলফি তুলেছেন, যা তারা সারাজীবন মনে রাখবে।”

এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে এসে সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে তিনি আগামী এক বছরের মধ্যে সারাদেশে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনার ঘোষণা দেন। দুপুরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের দুই পাড়ে জিআই স্বীকৃত আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর পাশাপাশি খালের চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন।

মানবকণ্ঠ/ডিআর