Image description

বিশ্বকাপ ফুটবল এখন শেষ অধ্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ, আর সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শুরু হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল দিয়ে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার জন্য রেফারিদের নাম ইতোমধ্যে ঘোষণা করেছে ফিফা।

ফিফার ঘোষণায়, সেমিফাইনালের দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের আন্তর্জাতিক রেফারি ইভান বারটন। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ পরিচালনা। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে এবং জাপান-সুইডেন ম্যাচে দায়িত্ব পালন করেন। পরে শেষ ষোলোতে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচেও রেফারির ভূমিকা পালন করেন।

কনকাকাফ অঞ্চলের অন্যতম পরিচিত এই রেফারি নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে তার অভিষেক হয়।

চলতি বিশ্বকাপে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন বারটন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন তিনি। এরপর আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপের ইতিহাসে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের নজির।

ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।

এই ম্যাচ পরিচালনার মাধ্যমে ইভান বারটন ব্যক্তিগত ক্যারিয়ারেও গড়তে যাচ্ছেন অনন্য এক ইতিহাস। পুরুষদের বিশ্বকাপে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করবেন তিনি।

মানবকন্ঠ/এসএস