Image description

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভও করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর ষোলশহরে অবস্থিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যান এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

এর আগে সকাল ১১টা থেকে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে। তাদের দাবি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তারা এক দফা দাবিতে অনড় ছিলেন। পরে কর্মসূচি শেষে তারা বোর্ডের মূল ফটক খুলে নিয়ে যান।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা আপাতত বুধবার সকাল ১১টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।