Image description

পরীক্ষা স্থগিতের দাবিকে ঘিরে বিতর্কের মধ্যে জাতীয় সংসদে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”

মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

সম্প্রতি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফোনে কথা বলছেন মন্ত্রী। শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাদের কথা বলার ব্যবস্থা করেন। পরে সেই কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

সেখানে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, বৈঠকে এক অভিভাবক বৃষ্টিতে ভিজলে সন্তানের জ্বর হওয়ার কথা বললে তিনি মন্তব্য করেন, “এগুলো তো ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর চলে আসে।” এই মন্তব্য ঘিরেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

তবে সংসদে মন্ত্রী দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষেই ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসক (ডিসি) ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জানানো হয়েছিল যে বৃষ্টি কমে যাবে। সেই তথ্যের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।