রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় সরকারপ্রধান এই নির্দেশ দেন।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী সনাতন পদ্ধতির ইটভাটার পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং শব্দ দূষণ কমাতে হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় যেমন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা ব্যবহৃত হচ্ছে, তেমনি হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
যানজট নিরসন ও যাতায়াত সহজ করতে প্রধানমন্ত্রী রাজধানীর অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালুর নির্দেশ দেন। তিনি জানান, রাজধানীর পরিবেশ রক্ষা এবং নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ফিটনেসবিহীন যান চলাচল কোনোভাবেই বরদাশত করা হবে না।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments