Image description

অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখতে হবে।

তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এ ছাড়া গুজব ও অপপ্রচার এড়িয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং সর্বক্ষেত্রে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন অনুসরণের আহ্বান জানান তিনি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন, একটি বৃক্ষরোপণ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারাদেশে কর্মরত বিজিবি সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মানবকন্ঠ/এমআর