গাজীপুর আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার কুখ্যাত আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ১০ ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ। গ্রেপ্তার সম্রাট মন্ডল জামালপুরের মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় কৌশলে হাতের হ্যান্ডকাফ খুলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কমান্ডার ইফতেখার আহমেদ জানান, আসামি পালানোর পরপরই গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এবং র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের কাশর এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত রোববার রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভবনের ভাড়া বাসা থেকে সম্রাটসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছিল র্যাব। সম্রাটের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে। সম্রাটের সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য সহযোগীরা হলেন—আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং মো. আমিন মিয়া (২৮)।
মানবকণ্ঠ/ডিআর




Comments