আমুয়া-কাঁঠালিয়া সড়কে শতাধিক খানাখন্দ, জনদুর্ভোগ চরমে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ আমুয়া-কাঁঠালিয়া সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে শতাধিক ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, মোটরসাইকেল আরোহী এবং বিভিন্ন যানবাহনের চালকরা। ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই সড়কে এখন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে গর্তগুলো তলিয়ে থাকায় চালকরা এর গভীরতা বুঝতে পারছেন না। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা এই সড়কটিকে এখন 'মরণফাঁদ' হিসেবে অভিহিত করছেন।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন চলাচল করে। কিন্তু খানাখন্দের কারণে যাতায়াতে দ্বিগুণ সময় লাগছে এবং যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঝালকাঠি সওজ-এর সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মজিবুর রহমান জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
মানবকণ্ঠ/ডিআর




Comments