হলিউডের তরুণ অভিনেত্রী কাইলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে মাত্র ১৮ বছর বয়সে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পরে তার বাবা জশুয়া হটলে ফেসবুক লাইভে মেয়ের মৃত্যুর খবর জানান। সংবাদমাধ্যম টিএমজেডকে তিনি জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন। হাসপাতালে নেওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কাইলি হটল বড় হয়েছেন টেক্সাসের অস্টিনে। জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র ৯ বছর বয়সে বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সাস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান কাইলি। পরে ‘গডজিলা x কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এছাড়া জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও অভিনয় করেছিলেন তিনি।
অকাল এই মৃত্যুর খবরে হলিউডসহ বিশ্বজুড়ে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




Comments