বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার।’
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই তারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। তিনি বলেন, যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল্য কোথায়?
তিনি আরও বলেন, ‘এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।’
পথসভায় হাসনাত আবদুল্লাহ চিতলমারীতে এনসিপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চান।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ জুলাই পদযাত্রার আয়োজন করে।
এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহাসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের বাবা শহিদুল মল্লিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পথসভা শেষে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই পদযাত্রা করেন।




Comments