রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. পলাশ (৩৪) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি রাজধানীর মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।
প্রতিবেশী হিরার দাবি, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় পলাশ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।




Comments