পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে অনশনে রয়েছেন এক তরুণী। তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি এই কর্মসূচি পালন করছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক আব্দুল্লাহ আল ইমন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২০ জুলাই) অনশনের চতুর্থ দিনে ভুক্তভোগী তরুণী নেছারাবাদ থানায় প্রেমিক আব্দুল্লাহ আল ইমন, তার বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৭ জুলাই ইমনের ডাকে মরিচবুনিয়া বাজারে গেলে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর থেকেই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত ইমনের বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Comments