ভারতের রাজধানী দিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সরব হয়েছেন বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। তারা পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ লেখেন, ‘যা ঘটেছে তা দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি।’ তিনি শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান এবং বলেন, কৃষক আন্দোলনের সময় কথা বলায় তাকে ‘দেশদ্রোহী’ বলা হয়েছিল, এবারও একই ধরনের সমালোচনার মুখে পড়তে পারেন।
অভিনেতা রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া ডি'সুজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক যৌথ পোস্টে শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। তারা বলেন, তরুণদের কণ্ঠস্বর শোনা উচিত এবং তারাই ভারতের গণতন্ত্র ও ভবিষ্যতের প্রকৃত শক্তি।
এর আগে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। শাবানা আজমি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক অধিকার প্রয়োগের অংশ। তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের কোনো ধরনের সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নেই।
সোমবার পুলিশের অভিযানের পর অভিনেত্রী হুমা কুরেশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও লাঠিচার্জের নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনার দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
চিত্রনাট্যকার সুতপা সিকদার বলেন, জবাবদিহি দাবি করতে আসা অনেক শিক্ষার্থী সীমিত সামর্থ্য নিয়েও আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের সংগ্রাম ও সাহসের প্রশংসা করেন তিনি।
অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, গঠনমূলক ভিন্নমতই গণতন্ত্রকে শক্তিশালী করে। শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করা মানুষের প্রতি তিনি সংহতি জানান।
অন্যদিকে অভিনেত্রী ভূমি পেডনেকার বলেন, সহিংসতা কখনোই কোনো সমাধান হতে পারে না। তিনি শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি ও শিক্ষার্থীদের সমস্যার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
দিল্লিতে চলমান এই আন্দোলনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের এমন অবস্থান নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: এনডিটিভি




Comments