নীলফামারীতে এতিমখানা মাদ্রাসার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
নীলফামারীর জলঢাকায় একটি এতিমখানা মাদ্রাসার নিজস্ব জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভার অধীনে নির্মাণাধীন এই রাস্তাটি সঠিক নকশা অনুযায়ী না মেপে মাদ্রাসার জমির ওপর দিয়ে নিয়ে যাওয়ায় এর প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ী রাজারহাট ব্রাকসিট ফার্ম পাড়ায়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের নাম ‘আলজামিয়া ইসলামিয়া আলাউদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানা’।
অভিযোগ সূত্রে জানা যায়, জেএল নং ৪০, খতিয়ান নং ৪০৫১, এসএ দাগ ৪০৬০ এবং বিএস দাগ ৫২০১-এর অন্তর্গত ওই মাদ্রাসার উত্তর পাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য কিছু জমি ফাঁকা রাখা হয়েছিল। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কোনো সার্ভেয়ার দিয়ে রাস্তার সঠিক সীমানা নির্ধারণ না করেই ঠিকাদারকে কাজ করার নির্দেশ দেয়। ঠিকাদার সেই নির্দেশ অনুযায়ী মাদ্রাসার দেয়াল ঘেঁষে নিজস্ব জমির ওপর দিয়ে রাস্তার কাজ শুরু করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সঠিকভাবে পরিমাপ করে রাস্তা নির্মাণের অনুরোধ জানালেও ঠিকাদাররা তাতে কর্ণপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
আলজামিয়া ইসলামিয়া আলাউদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা এবং সভাপতি শফিকুল ইসলাম বলেন, "আমরা এতিমখানার সীমানা প্রাচীর দেওয়ার জন্য নিজস্ব কিছু জায়গা ছেড়ে রেখেছিলাম। কিন্তু পৌরসভা আমাদের জায়গাটি সঠিকভাবে মেপে না দেখেই রাস্তার কাজ শুরু করেছে। নকশা অনুযায়ী রাস্তা না করে উল্টো মাদ্রাসার জমি দখল করা হচ্ছে। আমরা এর প্রতিকার চেয়ে এবং সঠিক পরিমাপের দাবিতে এমপি মহোদয় ও ইউএনওসহ সংশ্লিষ্ট সব দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।"
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসার জমি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/ডিআর




Comments