নিকলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর ষাইটধার গ্রামের মো. হাসানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক আয়াজের আপন ভাতিজা।
স্থানীয় ও নানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত অপর আওয়ামী পরিবারের সন্তান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছাত্রলীগের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গড়ে ওঠা ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে এলাকায় দাপট দেখাতেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠে। ওই সময় তাঁর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে দাবি স্থানীয়দের।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, ২০২৪ সালের একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
ডিআর




Comments