Image description

দেশের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ হচ্ছে উন্নয়নের মূল মেরুদণ্ড। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নূর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়াম হলে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক ও সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজর ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল সোবাহান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী এবং প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা এলাকার প্রতিনিধি আবু নাঈমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধিরা নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যা ও ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় উন্নয়ন বিষয়ে মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

সভা শেষে প্রতিমন্ত্রী গলাচিপা পৌরসভার অন্তর্গত ১৪০ নম্বর ব্র্যাক আশ্রয়কেন্দ্র প্রকল্প, নির্মাণাধীন মডেল মসজিদ এবং গলাচিপা সদর ইউনিয়নের স্থানীয় খাল খনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

ডিআর