ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্ত ট্যাবলেট সেবনের জেরে অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। যৌতুকের দাবিতে স্বামীর মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিষপান করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত অষ্টমী রাণী রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার গ্রামের যগেন রায়ের মেয়ে।
ইউপি সদস্য ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে দুলাল চন্দ্র রায়ের সঙ্গে অষ্টমী রাণীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ঢাকায় বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার বাবার বাড়িতে বেড়াতে আসেন অষ্টমী। এ সময় তিনি স্বজনদের জানান, স্বামী দুলাল তাঁর কাছে যৌতুক হিসেবে মোটা অংকের টাকা দাবি করছেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে হুমকি দিচ্ছেন। বাবার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই জেরে সোমবার গভীর রাতে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
অসুস্থ অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে দিনাজপুরে নেওয়ার প্রস্তুতির আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। তাৎক্ষণিকভাবে পাকস্থলী পরিষ্কারসহ জরুরি চিকিৎসা দেওয়া হলেও বিষের তীব্রতা বেশি থাকায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, "খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। যেহেতু নিহতের বাড়ি ও বিষপানের ঘটনা রাণীশংকৈল থানা এলাকায়, তাই সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments