Image description

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। কৃষ্ণা মুখার্জির আরেক পরিচয়ও রয়েছে। তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের বড়দিদি।

প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক বিবৃতিতে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকের এই সময়ে মুখার্জি পরিবারের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষিত ছিলেন কৃষ্ণা মুখার্জি। একসময় কয়েকটি সিনেমায় গানও গেয়েছেন তিনি। তার স্বামী রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক। ২০১৭ সালে তিনি মারা যান।

মুম্বাইয়ে মুখার্জি পরিবারের বিভিন্ন আয়োজনে নিয়মিত উপস্থিত থাকতেন কৃষ্ণা। পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজাতেও প্রতিবছর তাকে দেখা যেত।

মায়ের সঙ্গে রানি মুখার্জির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মায়ের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রানি জানিয়েছিলেন, ভালো কাজ করলে তা পরিবারের সবার জন্য ভালো হবে—এমনটাই মনে করতেন তার মা।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের সময়ও মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রানি। সিনেমাটিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান তিনি।

একবার মাকে স্মরণ করে রানি বলেছিলেন, তার মা ছিলেন একজন আপাদমস্তক বাঙালি মানুষ। নিজ হাতে সন্তানদের খাইয়ে দেওয়া, কপালে টিপ পরিয়ে দেওয়াসহ বাঙালি সংস্কৃতির নানা বিষয় তিনি মায়ের কাছ থেকেই শিখেছেন। মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও জানিয়েছিলেন রানি।

চলতি বছর ‘মর্দানি ৩’ সিনেমায় দেখা গেছে রানি মুখার্জিকে। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে তার নতুন সিনেমা ‘কিং’। এতে শাহরুখ খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ বলিউডের আরও কয়েকজন তারকা অভিনয় করেছেন।

এসএস