বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ বাতাসের বেগ দমকা হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এসএস




Comments