Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লসনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইজদী চা-বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের চিহ্ন ছিল। একজনের পা ভেঙে গেছে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এসএস