পুলিশ সুপার (এসপি) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্বে থাকা তোফায়েল আহম্মেদকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ে পদায়ন করা হয়েছে। ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট করা হয়েছে।
এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
চার জেলায় নতুন এসপি
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে। জেলার বর্তমান এসপি শাহ মো. আবদুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
এসআরবির উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর এসপি করা হয়েছে। রাজবাড়ীর বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও যেসব বদলি ও পদায়ন
খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ওরফে রাসেলকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং গাজীপুর মহানগর পুলিশের মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
লিয়েন শেষে পুলিশ অধিদপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার মো. নুরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় পদায়ন করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে, মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে ঢাকা পুলিশ টেলিকমের এসপি করা হয়েছে।
পুলিশ টেলিকম ঢাকার এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন ইন-সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রের এসপি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি হিসেবে যোগ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের এসপি, রাজারবাগ পুলিশ টেলিকমের এসপি মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের এসপি করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এদিকে, গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।
এসএস




Comments