Image description

সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে সম্মানিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, "বর্তমানে ডিজিটাল প্ল্যাটফরম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাইবার বুলিং এবং অপতথ্য ছড়ানোর মাধ্যমে অনেক নিরপরাধ মানুষকে হেয় করা হচ্ছে। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। এই অপতৎপরতা রোধে সরকার একটি শক্তিশালী আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সাইবার আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "দেশ ত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।"

মন্ত্রিসভায় রদবদল বা উপদেষ্টাদের পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, "মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। কেউ কাঙ্ক্ষিত পারফরম্যান্স (পারফর্ম) করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজনে পরিবর্তন আনবেন।"

ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং দেশবাসীকে অপতথ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর