Image description

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (৫ আগস্ট) সাড়ে ১০টায় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবো।’

সকল দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ হই। বিগত দিনে ঐ ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশকে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমাদের সকল দলের, সকল মতের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিয়েছে। তাদের মাগফেরাত কামনা করছি।’

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন

মানবকন্ঠ/এমআর