Image description

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। কিন্তু দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এতে আরও জানানো হয়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকছে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো।

পরে করোনা মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। এরপর থেকে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।