যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি মেরামতের পর অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে রোম থেকে ফ্লাইটটি দুপুরে ঢাকায় পৌঁছেছে। দীর্ঘ এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের ধৈর্য ধারণের জন্য তিনি বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিমান সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকালে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকেই বিজি-৩০৬ ফ্লাইটটি সেখানে আটকে ছিল। ফ্লাইটটি গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে জ্বালানি সংগ্রহের জন্য রোমে অবতরণ করেছিল।
উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও একটি বিশেষ প্রকৌশলী দল পাঠানো হয়। শনিবার রাতে প্রকৌশলী দলটি রোমে পৌঁছানোর পর দ্রুত মেরামত কাজ শুরু করেন। মেরামত শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে রোববার ভোরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
আটকে থাকা সময়ে আড়াই শতাধিক যাত্রীকে রোমে বিভিন্ন হোটেলে আবাসন ও খাবারের ব্যবস্থা করেছিল বিমান কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারা নিরাপদে গন্তব্যে পৌঁছালেন।
ডিআর




Comments