মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স প্রায় ৪৫ বছর। লাশ দুটির শরীরেই পচন ধরেছে।
নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে ওই নারী ও পুরুষকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। পুরুষের লাশেও পচন ধরেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লাশ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএস




Comments