Image description

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমার নির্ধারিত শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।”

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় সার্বিক সহায়তার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

একই প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমার কারণ ব্যাখ্যা করে ইসি সচিব জানান, এটি মূলত আইনি সতর্কতার অংশ। যাচাই-বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটি বৈধ ঘোষিত হলে দ্বিতীয়টি আর বাছাই করার প্রয়োজন পড়বে না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদি একাধিক প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে ওই দিনই ফলাফল নির্ধারণ হবে।

ডিআর