সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য সাময়িক প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। মূলত প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজের পক্ষ থেকে ৪ দিনের প্যারোল আবেদন করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ১২ ঘণ্টার জন্য এই প্রশাসনিক মুক্তি মঞ্জুর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) সকাল থেকেই মুন্সীগঞ্জে দৌড়ঝাঁপ করেন মেয়ে দিপাবলি। বুধবার দুপুরে তিনি কারাগারে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে প্যারোলের আবেদন জমা দেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, ডা. দীপু মনি প্যারোলে মুক্তি পাওয়ার পরই তার স্বামীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন করা হবে। নিয়ম অনুযায়ী, প্যারোলে থাকাকালীন তিনি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
ডিআর




Comments