Image description

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, "যার মধ্যে প্রকৃত দেশপ্রেম আছে, সে কখনোই দুর্নীতি করতে পারে না। জীবনে যার যতটুকু আছে, সেটি নিয়েই সন্তুষ্ট থেকে সৎভাবে নিজের কাজটুকু করতে হবে।"

রোববার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনার পাহাড়ি উপজেলা দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতির নেতিবাচক প্রভাব ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, "পৃথিবীর অনেক দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়েও আজকে তারা অনেক এগিয়ে গেছে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ হলো দুর্নীতি। আমরা যদি দেশটাকে সত্যিই ভালোবাসি এবং সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।"

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "পেশাগত জীবনে সততার কোনো বিকল্প নেই। পেশাগত জীবনে আমরা যদি সৎ না হই এবং সমাজ ও রাষ্ট্রকে যদি সম্মিলিতভাবে দুর্নীতিমুক্ত রাখতে না পারি, তাহলে কখনোই এগোতে পারবো না। আমাদের পূর্বপুরুষরা যে ত্যাগের বিনিময়ে দেশটা স্বাধীন করে গেছেন, রাষ্ট্র দুর্নীতিমুক্ত না হলে সেই স্বাধীন বাংলাদেশের প্রকৃত স্বাদ আমরা পাব না।"

জাতীয় ঐক্য ও গঠনমূলক সমর্থনের আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন, সেগুলো কোনো নির্দিষ্ট দলের নয় বরং দেশের স্বার্থে। আপনাদের এই মানসিকতা (মাইন্ড সেটআপ) নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আমার সব কাজ বা কথা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু যে সিদ্ধান্তগুলো সমাজের ও রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয়, দয়া করে সেগুলোকে নিঃসংকোচে সমর্থন দিন।"

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী এবং উপজেলা বিএনপির সভাপতি জবিরুল আলম ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ডিআর