Image description

যে লাভের আশায় হিমাগারে আলু রেখেছিলেন কৃষক, সেই আলু এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হিমাগারে রাখা আলু বিক্রি করতে গিয়ে উল্টো লোকসান গুনতে হচ্ছে জামালপুরের কৃষকদের। 

জানা গেছে, বর্তমানে ৬০ কেজির এক বস্তা আলু হিমাগারের ভাড়াসহ অন্যান্য খরচ মিটিয়ে দাম পড়েছে প্রায় ১ হাজার ৩৫০ টাকা। অথচ বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। অর্থাৎ প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে ৫০০ টাকা। জেলার ২২টি হিমাগারে এবার প্রায় ২ লাখ টন বীজ ও খাবার যোগ্য আলু সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে যে আলু বিক্রি হয়েছে, তাতেই কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়েছে। অবশিষ্ট আলু আগামী ১০ নভেম্বরের মধ্যে হিমাগার থেকে খালাস করতে হবে। ফলে সামনে বাজারদর কী হয়, তার ওপর নির্ভর করছে তাদের ক্ষতির পরিমাণ। আলু উৎপাদনের মৌসুমে দাম কম থাকায় পরে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছেন। কিন্তু সংরক্ষণ খরচ যোগ করার পরও এখন কম দামে বিক্রি করতে হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের আশঙ্কা, সামনে নতুন আগাম জাতের আলু বাজারে উঠলে পুরনো আলুর দাম আরও কমতে পারে। 

কৃষক ও ব্যবসায়ীরা জানান, মৌসুমে ভালো দাম না পাওয়ায় তারা আলু সংরক্ষণ করেছিলেন। আশা ছিল পরে দাম বাড়বে। কিন্তু এখন পর্যন্ত লোকসানেই আলু বিক্রি করতে হচ্ছে। এখন বাজার দরে আলু বিক্রি করলে প্রতি বস্তায় ৫শথেকে ৭শ টাকা লোকসান হচ্ছে।তারা বলেন এখন যে দামে আলু বিক্রি হচ্ছে, তাতে সংরক্ষণ খরচই উঠছে না। সামনে দাম বাড়বে এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২২টি হিমাগারের মধ্যে কালাইয়ে ১৪টি, ক্ষেতলালে ৪টি, পাঁচবিবিতে ২টি এবং আক্কেলপুরে ২টি। 

এসব হিমাগারে প্রায় ২ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। ৬০ কেজির এক বস্তা হিসাবে ২ লাখ টন আলুতে বস্তার সংখ্যা প্রায় ৩৩ লাখ ৩৩ হাজার। মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩৩ কোটি ৩৩ লাখ টাকা।

আলুর ক্রয়মূল্য, সংরক্ষণ খরচ ও বিক্রয়মূল্য হিমাগারভেদে ভিন্ন হওয়ায় প্রকৃত লোকসানের পরিমাণ কমবেশি হতে পারে। সামনে দাম বাড়লে লোকসানও কমে আসবে। হিমাগারের ব্যবস্থাপক রায়হান আলম বলেন, ‘জুন মাস থেকে এ পর্যন্ত ৬০হাজার ৬০০ বস্তা আলু বিক্রি হয়েছে, যা মোট সংরক্ষিত আলুর প্রায় ২৬ শতাংশ। আগামী ১০ নভেম্বরের মধ্যে সব আলু খালাস করতে হবে। বর্তমান দরে আলু বিক্রি করলে সংরক্ষণ খরচই উঠছে না। অবশিষ্ট আলু বিক্রির সময় বাজারদর কেমন থাকে, তার ওপর লোকসানের পরিমাণ নির্ভর করবে।’

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ‘গত মৌসুমে জেলায় ব্যাপক আলু চাষ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করেছেন। বর্তমানে সেই আলু খরচের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে।’ ফলে তারা লোকসানে পড়েছেন। তিনি আরো বলেন, ‘সামনে বাজারদর বাড়লে লোকসানের পরিমাণ কমতে পারে। তবে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে নিতে না পারলে আগামী মৌসুমে জেলায় আলুর আবাদ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

এসএস