দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬ জনের শরীরে।
এ ছাড়া, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।
ডিআর




Comments