Image description

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফাঁড়ি ও বাসায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার জন্য তাকে খোঁজ করা হলে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে তার বাসায় গিয়েও সন্ধান মেলেনি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে উল্লেখ করে জহিরুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি থানা ও ফাঁড়ির কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে এসআই মামুন মাদক গ্রহণ করেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি কেন ফাঁড়ি ও বাসায় অনুপস্থিত, সেটিও স্পষ্ট নয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দুই দিন ধরে এসআই মামুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএস