Image description

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। টাকা দেওয়া না হলে এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে বগুড়া সদর থানায় জিডি করেন। থানার উপপরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোশারফ হোসেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগের পর ২০২৩ সালের উপনির্বাচন হয়।

জিডিতে বলা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করছে। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।

মোশারফ হোসেন জানান, ‘নির্বাচনকে সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।’