Image description

আগামী ১২ ফেব্রুয়ারি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের দিন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা মা-বোনদের সম্মান করতে জানে না, তারাই এমন কাজ করতে পারে। এ ধরনের অপকর্মে যারা কষ্ট পেয়েছেন, বিশেষ করে মায়েরা—তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

জামায়াত আমির আরও বলেন, দেশে মা-বোনদের গায়ে হাত দেওয়া হলে এর পরিণতি ভয়াবহ হবে এবং জাতি তা মেনে নেবে না।

এ সময় তিনি অবিলম্বে জামায়াত নেতা শহিদ রেজাউল করিম হত্যার বিচার দাবি করেন। তার অভিযোগ, বিএনপির হামলায় তিনি নিহত হয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

মানবকণ্ঠ/আরআই